নিজ বাসায় মিললো ঢাবি শিক্ষার্থীর লাশ, চিরকুটে লেখা শিক্ষকের নাম
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১৬:৩২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন করে রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া একটি চিরকুটে এক শিক্ষকের নাম উল্লেখ থাকায় বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মৃত মুনিরা মাহজাবিন মিমো বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ছিলেন। তিনি রাজধানীর বাড্ডা এলাকায় বাবা-মায়ের সঙ্গে বসবাস করতেন।
পুলিশ জানায়, তার মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এতে লেখা ছিল একজন শিক্ষককে ৫০ হাজার টাকা দেওয়ার কথা এবং কয়েকজনের নাম উল্লেখ করে তাদের ভালো থাকার কথা বলা হয়েছে। পাশাপাশি শিক্ষকের দেওয়া কিছু উপহার ফেরত দেওয়ার কথাও উল্লেখ রয়েছে।
ঘটনার পর গুলশান অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রাথমিক তদন্তে পাওয়া কিছু তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগের এক শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে ওই শিক্ষার্থীর ঘনিষ্ঠ এক সহপাঠীকেও জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। তদন্তে সম্পৃক্ততার প্রমাণ মিললে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা বলেন, ঘটনাটি জানার পর শিক্ষকরা শিক্ষার্থীর বাসায় যান। তার ব্যবহৃত মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণে এক শিক্ষকের সঙ্গে যোগাযোগের ইঙ্গিত পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতেই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে।
ঘটনাটি ঘিরে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের পাশাপাশি নানা প্রশ্নও দেখা দিয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।