রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

হামলার ঘটনায় সংসদে বিচার চাইলেন এমপি মাছুম মোস্তফা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১৬:৩৬

সংগৃহীত

নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা-র ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অবরুদ্ধ করার ঘটনা এবার জাতীয় সংসদে আলোচনায় উঠে এসেছে। রোববার (২৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২১তম কার্যদিবসে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি নিজেই বিষয়টি সংসদের নজরে আনেন।

এ সময় এমপি মাছুম মোস্তফা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তার নিজ এলাকা পূর্বধলায় নিজের পরিবার এবং দলীয় নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তিনি অভিযোগ করে বলেন, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

সংসদে বক্তব্যে তিনি বলেন, “আমি আমার নিরাপত্তা চাই, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার চাই।” তার এই বক্তব্যে সংসদে উপস্থিত সদস্যদের দৃষ্টি আকর্ষিত হয়।

পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ঘটনাটিকে দুঃখজনক হিসেবে উল্লেখ করে নিন্দা জানান। তিনি বলেন, বিষয়টি নিয়ে সরকার আন্তরিক এবং ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, সংসদ নেতার পক্ষ থেকেও এ ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলেও তিনি উল্লেখ করেন। ইতোমধ্যে এই ঘটনায় জড়িত সন্দেহে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংসদে জানানো হয়।

উল্লেখ্য, পূর্বধলার আতকাপাড়া গিরিপথ ফিলিং স্টেশনে এই হামলার ঘটনা ঘটে, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তদন্ত চলমান রয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া অব্যাহত আছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top