রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

ঢাকায় স্বস্তির বৃষ্টি, ভ্যাপসা গরমে হাঁসফাঁসের পর নগরবাসীর প্রশান্তি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১৭:৫৫

ছবি: সংগৃহীত

টানা দাবদাহের পর অবশেষে রাজধানী ঢাকায় স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। শনিবার দিনের শেষে বহুল প্রত্যাশিত এই বৃষ্টি নগরবাসীর মধ্যে এনে দিয়েছে স্বস্তির অনুভূতি।

পুরান ঢাকার সূত্রাপুর, বংশাল, মাতুয়াইল, রামপুরা, বাড্ডা ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। কোথাও হালকা, আবার কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজে ওঠে নগরীর পরিবেশ।

এর আগে বিকেল থেকেই আকাশে মেঘ জমতে শুরু করে। অনেককেই বৃষ্টিতে ভিজতে দেখা যায়, আর সেই মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন অনেকে।

গত কয়েক দিন ধরে তাপমাত্রা ৩৫ ডিগ্রির ওপরে থাকায় ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিল নগরজীবন। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, রিকশাচালক, দিনমজুর ও পথচারীদের দুর্ভোগ ছিল চরমে। তবে বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা কমে আসায় স্বস্তি ফিরেছে তাদের মাঝে।

এ বছর বৈশাখের শুরুটা ছিল বৃষ্টিহীন। মার্চ মাস থেকে শুরু হওয়া কয়েক দফা তাপপ্রবাহে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছিল। এর মধ্যে এক পশলা বৃষ্টি যেন স্বস্তির নিঃশ্বাস এনে দিল সবার মাঝে।

আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল, ঢাকাসহ আশপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, দুপুর পর্যন্ত আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা আকাশ থাকতে পারে এবং কোথাও কোথাও বৃষ্টি বা দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে বলেও জানানো হয়। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, সকালে ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি এবং আপেক্ষিক আর্দ্রতা ৭১ শতাংশ। আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি।

সব মিলিয়ে দীর্ঘ গরমের পর এই বৃষ্টি রাজধানীর পরিবেশকে করেছে কিছুটা শীতল এবং মানুষের মনে এনে দিয়েছে প্রশান্তি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top