রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৬, ১০:৫২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১১টি আবাসিক হলে আংশিক কমিটি ঘোষণা করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। সোমবার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটিগুলোর মধ্যে বঙ্গবন্ধু হল, শেরে বাংলা হল, শাহ মখদুম হল, নবাব আব্দুল লতিফ হলসহ বিভিন্ন আবাসিক হলে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। এসব কমিটিকে আগামী এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
তবে এই ঘোষণাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে সক্রিয় অন্যান্য ছাত্রসংগঠনগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এটিকে ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টির প্রচেষ্টা হিসেবে দেখছেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, নিষিদ্ধ একটি সংগঠন হিসেবে ছাত্রলীগের এমন কমিটি ঘোষণা বাস্তবতাবিবর্জিত ও হাস্যকর। তাদের মতে, সংগঠনটির নেতৃত্ব পলাতক এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।
অন্যদিকে, ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুজাহিদ ফয়সাল এই কমিটিকে বেআইনি আখ্যা দিয়ে বলেন, এতে যুক্ত ব্যক্তিরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তার অভিযোগ, অতীতে শিক্ষার্থীদের ওপর হামলা, সিট বাণিজ্য, চাঁদাবাজিসহ নানা ঘটনায় তাদের সম্পৃক্ততা রয়েছে।
বামপন্থী সংগঠনগুলোর জোট গণতান্ত্রিক ছাত্রজোটের মুখপাত্র ফুয়াদ রাতুল বলেন, গণঅভ্যুত্থানের পর নিষিদ্ধ হওয়া একটি সংগঠনের এমন উদ্যোগ দুঃসাহসিক। তিনি মনে করেন, সাম্প্রতিক আন্দোলনের স্মৃতি এখনও মানুষের মনে জাগ্রত থাকায় এ ধরনের কর্মকাণ্ড গ্রহণযোগ্য হবে না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, নিষিদ্ধ কোনো সংগঠন ক্যাম্পাসে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে না। অনলাইনে প্রচারিত বিষয়গুলোও নজরদারিতে রাখা হচ্ছে এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই শিক্ষার্থীদের তীব্র প্রতিরোধের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়ে যেতে বাধ্য হয় ছাত্রলীগের নেতাকর্মীরা। পরবর্তীতে গণঅভ্যুত্থানের পর ২৩ অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাসবিরোধী আইনে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।