মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

পশ্চিমবঙ্গে পালাবদল: তারকাদের লড়াইয়ে কে হাসলেন, কে কাঁদলেন?

চিত্তবিনোদন ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৬, ১০:১৮

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বড় রাজনৈতিক পালাবদল ঘটেছে। দীর্ঘদিনের শাসনের অবসান ঘটিয়ে প্রথমবারের মতো ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি। রাজ্যজুড়ে গেরুয়া ঢেউয়ের প্রভাব পড়েছে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি বিনোদন জগতের তারকা প্রার্থীদের ওপরও।

সোমবার (৪ মে) ঘোষিত ফলাফলে দেখা গেছে, পরিচিত মুখদের মধ্যে কেউ পেয়েছেন জয়, আবার কেউ হয়েছেন ভরাডুবির শিকার। বহু আলোচিত ও শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বেশ কয়েকটি আসন হাতছাড়া হয়েছে তৃণমূলের।

নদীয়ার করিমপুর আসনে তৃণমূলের তারকা প্রার্থী অভিনেতা সোহম চক্রবর্তী শেষ পর্যন্ত পরাজিত হয়েছেন। তাকে ১০ হাজার ১৮৫ ভোটের ব্যবধানে হারিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ। গণনার শুরুতে এগিয়ে থাকলেও শেষদিকে ব্যবধান কমে গিয়ে হার মেনে নিতে হয় তাকে।

বরানগর আসনেও তৃণমূলের অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জী পরাজয়ের মুখ দেখেছেন। এই আসনে জয় পেয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী সজল ঘোষ। দ্বিতীয় দফার ভোট হওয়া এই কেন্দ্রটি শুরু থেকেই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে।

অন্যদিকে তারকা প্রার্থীদের মধ্যে বড় জয় পেয়েছেন অভিনেতা হিরণ চ্যাটার্জী। হাওড়ার শ্যামপুর আসনে প্রতিদ্বন্দ্বী নদেবাসী জানাকে ২২ হাজার ২৬০ ভোটে হারিয়ে জয় নিশ্চিত করেন তিনি।

শিবপুর আসনেও জয় পেয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। গণনার শুরু থেকেই এগিয়ে থাকা তিনি শেষ পর্যন্ত ১৭ দফা গণনা শেষে প্রায় ১৫ হাজার ভোটের ব্যবধানে জয় পান। তার মোট প্রাপ্ত ভোট দাঁড়ায় ৮৩ হাজার ২৯৪।

তবে সব তারকার ভাগ্য এক রকম ছিল না। ব্যারাকপুর আসনে তৃণমূলের প্রার্থী হিসেবে লড়া নির্মাতা রাজ চক্রবর্তী পরাজিত হয়েছেন প্রতিদ্বন্দ্বী কৌস্তুভ বাগচীর কাছে। প্রায় ১৫ হাজার ৮২২ ভোটের ব্যবধানে হারেন তিনি। এর মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে দ্বিতীয়বারের মতো পরাজয়ের মুখ দেখলেন এই নির্মাতা।

সব মিলিয়ে এবারের নির্বাচনে তারকা প্রার্থীদের জন্য ফলাফল ছিল মিশ্র কেউ পেয়েছেন বিজয়ের হাসি, আবার কেউ হয়েছেন হতাশার সঙ্গী।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top