ছিনতাইয়ের চেষ্টাকালে যুবককে পিটিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন
নারায়ণগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, ১৪:৫৬
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের চেষ্টাকালে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা আরও দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে উত্তেজিত জনতা ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
রোববার সকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহত তরুণের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন ছিনতাইকারী একটি মোটরসাইকেলে করে এসে এক পথচারীর পথরোধ করে ছিনতাইয়ের চেষ্টা চালায়। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করলে দুই ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যায়। তবে একজন জনতার হাতে ধরা পড়ে।
পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর ক্ষুব্ধ জনতা ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আব্দুল বারিক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জনতার গণপিটুনিতে ওই তরুণের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।