কুমিল্লার লাকসামে একটি টিনশেড মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মাদ্রাসার সাতটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। তবে ঘটনার সময় শিক্ষার্থীরা মসজিদে তারাবির নামাজ আদায় করছিলেন বলে নিশ্চিত মৃত্যুর হাত থেকে প্রাণে বেঁচে গেছেন শতাধিক শিক্ষার্থী।
সোমবার (৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে লাকসাম উপজেলা রেলওয়ে জংশন সংলগ্ন ছালেহিয়া ওয়ালিয়া দীনিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও মাদ্রাসা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ওই সময় মাদ্রাসার শিক্ষার্থীরা প্রাঙ্গণের ভেতরে থাকা মসজিদে তারাবির নামাজ আদায় করছিলেন। এ সময় হঠাৎ এক শিক্ষার্থী মাদ্রাসা ভবনের দিক থেকে কুণ্ডলী পাকানো ধোঁয়া বের হতে দেখেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
স্থানীয়দের সহায়তা ও ফায়ার সার্ভিসের সদস্যদের সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুন নেভানোর আগেই টিনশেড ভবনটির বেশ কয়েকটি কক্ষ পুড়ে যায়।
মাদ্রাসার সুপার মোহাম্মদ উল্ল্যাহ জানান, অগ্নিকাণ্ডে মাদ্রাসার রান্নাঘরসহ সাতটি কক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে। এতে শিক্ষার্থীদের পড়াশোনার বইপত্র, আসবাবপত্র, থাকার বিছানাপত্র এবং রাতে খাওয়ার জন্য রাখা সেহরির খাবারও নষ্ট হয়ে গেছে।
ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব জাহিদুল মাওলা চৌধুরী বলেন, গভীর রাতে যখন শিক্ষার্থীরা ঘুমিয়ে থাকে তখন যদি এই অগ্নিকাণ্ড ঘটত, তাহলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল। আল্লাহর অশেষ রহমতে সে সময় শিক্ষার্থীরা মসজিদে থাকায় সবাই নিরাপদ রয়েছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।