বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

সংবাদ সংগ্রহে বাধা ও মারধর, বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১৮:২৬

ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল থানায় অভিযোগ করেন বাংলা টিভির বাঞ্ছারামপুর উপজেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির উপস্থিতিতে বাঞ্ছারামপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে সেখানে যান সাংবাদিক ফয়সাল আহমেদ। অনুষ্ঠান শেষে ফেরার পথে তার ওপর হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগীর অভিযোগ, দুপুর আনুমানিক আড়াইটার দিকে বাঞ্ছারামপুরের জগন্নাথপুর আধুনিক অডিটোরিয়ামের সামনে পৌঁছালে উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক ও উত্তর সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান লিটন তার হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তিনি অতর্কিতভাবে কিল-ঘুষি দিয়ে তাকে মারধর করেন। এতে তিনি আহত হন। এ সময় ভবিষ্যতে সংবাদ সংগ্রহ করতে গেলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সাংবাদিক ফয়সাল আহমেদ বলেন, সংবাদ সংগ্রহের জন্য অডিটোরিয়ামে গিয়েছিলাম। অনুষ্ঠান শেষের দিকে বাইরে পৌর বিএনপির সভাপতি সাইদ ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম। এ সময় পেছন থেকে এসে আতিকুর রহমান লিটন আমার ওপর হামলা চালান। তিনি আমার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং আমাকে মারধর করেন। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আতিকুর রহমান লিটন বলেন, সাংবাদিক ফয়সাল আওয়ামী লীগের দোসর এবং তার পারিবারিক বিষয় নিয়ে প্রতিবেদন করার নামে তাকে বিরক্ত করা হচ্ছিল। এক পর্যায়ে তিনি নিজেকে নতুন সাংবাদিক বলেও দাবি করেন।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এয়াছিন বলেন, সাংবাদিকের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top