চট্টগ্রামের টেরিবাজারে ভয়াবহ আগুন, নিহত ২
চট্টগ্রাম প্রতিনিধি | প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১৪:২১
চট্টগ্রাম নগরীর ব্যস্ত বাণিজ্যিক এলাকা টেরিবাজারে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ১০ তলা বিশিষ্ট কেবি অর্কিড প্লাজায় এ আগুনের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির চতুর্থ তলার একটি দর্জির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহত কয়েকজনকে উদ্ধার করে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- পটিয়া উপজেলার বধুপুর মির্জাবাড়ি এলাকার মোহাম্মদ ইয়াসিন খালিফার ছেলে মোহাম্মদ ইউনুস (৫২) এবং বোয়ালখালী ইউনিয়নের পাচুরিয়া এলাকার মামুনুল কাদেরের ছেলে সোলাইমান। তারা দর্জির দোকানের কর্মচারী ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশেক জানান, আগুনে আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে মোহাম্মদ মামুন নামে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টেরিবাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়, যে দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে সেখানে কর্মচারীদের বেতন-বোনাস দেওয়ার কথা ছিল এবং দোকানটিতে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা নগদ ছিল বলে দাবি করা হয়েছে। সেহরির পর থেকে এলাকায় বিদ্যুৎ না থাকলেও সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ আসার পরপরই আগুন লাগে।
কেবি অর্কিড প্লাজার নিচের পাঁচ তলায় বিপণিবিতান এবং ওপরের পাঁচ তলায় আবাসিক ফ্ল্যাট রয়েছে। ভবনটিতে স্বর্ণালংকারের দোকান, ব্যাংকের শাখা ও দর্জির দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। আগুন মূলত চতুর্থ তলা থেকে পঞ্চম ও ষষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।