ঈদের কেনাকাটায় এসে পকেটমারের শিকার, সন্তানদের সামনে কান্নায় ভেঙে পড়লেন মা ছানোয়ারা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ১৭:০৩
ঈদের কেনাকাটা করতে গিয়ে দুর্বৃত্তের কবলে পড়ে কষ্টে জমানো টাকা হারালেন এক অসহায় নারী। সন্তানদের সামনে এই ঘটনায় ভেঙে পড়েন তিনি।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১২টার দিকে জামালপুর শহরের তমালতল মোড় এলাকায় ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ছানোয়ারা বেগম দুই সন্তান—৮ বছরের ছেলে ও ১২ বছরের মেয়েকে নিয়ে ঈদের পোশাক কিনতে বের হয়েছিলেন।
তিনি জানান, বাড়ি থেকে প্রায় ৬ হাজার টাকা নিয়ে বের হয়েছিলেন। এর মধ্যে ছেলের জন্য একটি শার্ট কেনার পর তার কাছে প্রায় ৫ হাজার টাকা ছিল। অসাবধানতার সুযোগে পকেটমার চক্র তার টাকার ব্যাগ নিয়ে যায়। কিছুক্ষণ পর ব্যাগ খুঁজে না পেয়ে তিনি বুঝতে পারেন, সব টাকা চুরি হয়ে গেছে।
ঘটনার পর সন্তানদের সামনে কান্নায় ভেঙে পড়েন ছানোয়ারা বেগম। তার ভাষায়, এটি ছিল অনেক কষ্টে জমানো টাকা, যা ঈদের কেনাকাটার জন্যই রাখা ছিল।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, ভিড়ের মধ্যে কৌশলে পকেটমাররা এ ধরনের ঘটনা ঘটায়। তারা বাজার এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানান।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মার্কেট এলাকায় পুলিশের টহল জোরদার রয়েছে। ঘটনাস্থলে থাকা টিমকে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।