পদ্মা সেতুতে যাত্রীচাপ বৃদ্ধি, ৯ ঘন্টায় কোটি টাকার টোল আদায়
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ১৩:২১
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গমুখী মানুষের যাত্রা মঙ্গলবার ভোর থেকেই বাড়তে শুরু করেছে। মুন্সীগঞ্জের লৌহজং এলাকায় অবস্থিত সেতুর উত্তর টোল প্লাজায় দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের চাপ দেখা গেলেও অন্য বছরের মতো ছুটির প্রথম দিনে বড় কোনো যানজট তৈরি হয়নি।
পদ্মা সেতুর সাইট অফিস সূত্রে জানা গেছে, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত মাওয়া প্রান্ত দিয়ে ১০ হাজার ৩৮০টি যানবাহন সেতু পার হয়েছে। এ সময়ে টোল আদায় হয়েছে ১ কোটি ৩ লাখ ৫১ হাজার টাকা। বর্তমানে প্রতি মিনিটে প্রায় ৪৫ থেকে ৫০টি যানবাহন পারাপার করা সম্ভব হচ্ছে, যেখানে মোট ১০টি লেন সচল রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বাড়তি যাত্রীচাপ মোকাবিলায় টোল প্লাজার সব বুথ আগেভাগেই প্রস্তুত করা হয়েছে এবং অতিরিক্ত জনবল নিয়োগ দেওয়া হয়েছে। মোটরসাইকেলের জন্য আলাদা লেন একটির পরিবর্তে তিনটি করা হয়েছে। বড় যানবাহনের জন্য ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সহ সাতটি লেন চালু রাখা হয়েছে। পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে টয়লেট ও নিরাপদ পানির ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মুন্সীগঞ্জ অংশে পাঁচ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। বিশেষ করে রাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নজরদারি জোরদার করা হয়েছে। পদ্মা সেতু এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা চালু রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।