পারিবারিক দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষ, ছেলেদের আহতের খবরেই প্রাণ গেল বাবার
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ১০:২৪
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে তিন সহোদর ভাই গুরুতর আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত ছেলেদের খবর শুনে তাদের বৃদ্ধ বাবা আছমত আলীর (৮০) মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একই এলাকার খোকন মিয়া ও তার চাচাতো ভাই সানাউল্লাহর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে দুপুর দেড়টার দিকে উভয় পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে উভয়পক্ষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আছমত আলীর তিন ছেলে—খোকন (৩৮), রুবেল (৩০) ও হৃদয় (১৬) আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে, ছেলেদের আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর শুনে সন্ধ্যার দিকে অসুস্থ হয়ে পড়েন আছমত আলী। পরে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শোক ও মানসিক আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, পারিবারিক বিরোধের জেরে দুই চাচাতো ভাইয়ের পরিবারের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একাধিক ব্যক্তি আহত হয়েছেন এবং তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান, আহত ছেলেদের খবর শুনে বৃদ্ধ পিতার মৃত্যুর বিষয়টি জানা গেছে। তবে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং সংঘর্ষের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।