শৈলকুপায় বজ্রাঘাতে দুইজনের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১৬:২৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খড়িবাড়িয়া গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, খড়িবাড়িয়া গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস ও সুনীল বিশ্বাসের ছেলে সমীর বিশ্বাসসহ ছয়জন কৃষক মাঠে পেঁয়াজ তোলার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা সবাই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অপু বিশ্বাস ও সমীর বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। আহত বাকি চারজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গ্রামের বাসিন্দা বিষ্ণু কুমার জানান, বজ্রপাতে আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুইজনের মৃত্যু নিশ্চিত করেন এবং অন্যদের চিকিৎসার ব্যবস্থা করেন।
এ বিষয়ে শৈলকুপা থানার তদন্ত কর্মকর্তা শাকিল আহমেদ বলেন, বজ্রপাতে খড়িবাড়িয়া গ্রামের দুই কৃষকের মৃত্যুর ঘটনা তিনি জেনেছেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।