সড়ক নির্মাণে অনিয়ম তদন্তে গিয়ে প্রকৌশলীর ওপর হামলা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ১৯:৫৭

সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক নির্মাণকাজে অনিয়ম তদন্ত করতে গিয়ে এলজিইডির এক উপসহকারী প্রকৌশলীর ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার শিবপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম জানান, ঘটনার পর বিকেলে তিনি নবীনগর থানায় অভিযোগ দায়েরের জন্য উপস্থিত হয়েছেন।

নবীনগর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফেরদৌস আলী জানান, উপজেলার মেরকুটা থেকে শিবপুর পর্যন্ত প্রায় সাড়ে ৪ কিলোমিটার সড়ক নির্মাণকাজ সম্প্রতি শুরু করেন ঠিকাদার লোকমান হোসেন। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৬৩ লাখ টাকা।

তিনি আরও জানান, নিম্নমানের কাজের অভিযোগে রোববার ওই সড়কের নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। পরদিন সোমবার অভিযোগ যাচাই করতে ঢাকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে আসে।

অভিযোগ রয়েছে, পরিদর্শনের সময় দুপুরে ঠিকাদার লোকমান হোসেন ও তার গাড়িচালক অতর্কিতভাবে প্রকৌশলী তরিকুল ইসলামের ওপর হামলা চালান।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top