প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন আজ সোমবার (২০ এপ্রিল)। দিনব্যাপী এই সফরে তিনি বগুড়ায় বিভিন্ন উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।
সফরের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
কর্মসূচি অনুযায়ী, সকাল ৬টায় রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে বাসযোগে যাত্রা শুরু করবেন তিনি। সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে।
এরপর বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন, বেলা সোয়া ১১টায় জজ আদালতের ই-বেইল বন্ড কার্যক্রম উদ্বোধন এবং বেলা সাড়ে ১১টায় বগুড়া পৌরসভাকে নবগঠিত সিটি করপোরেশনে উন্নীতকরণের ফলক উন্মোচন করবেন তিনি।
দুপুরের কর্মসূচিতে বগুড়া শহর থেকে গাবতলী উপজেলার বাগবাড়ীতে গিয়ে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকা ক্যাম্পেইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তারেক রহমান। জনসভা শেষে বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন তিনি।
দিনভর কর্মসূচি শেষে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। পথে সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করার কথা রয়েছে।
বগুড়া পৌরসভার দীর্ঘ ইতিহাস রয়েছে। ১৮৭৬ সালে পৌরসভা হিসেবে যাত্রা শুরু করা এই শহরটি সময়ের পরিক্রমায় আয়তন ও জনসংখ্যায় ব্যাপক বৃদ্ধি পেলেও এতদিন সিটি করপোরেশনে উন্নীত হয়নি। আয়তন, জনসংখ্যা ও রাজস্ব সক্ষমতা থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে বগুড়াবাসীর এই দাবি অপূর্ণ ছিল।
অবশেষে সেই প্রত্যাশার বাস্তবায়ন হতে যাচ্ছে আজ, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।