সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

মোহাম্মদপুরে পুলিশের চিরুনি অভিযান: ভাসমানদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩৪

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ চিরুনি অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে অংশ নিয়ে ভাসমান ও নির্দিষ্ট জীবিকা নেই এমন ব্যক্তিদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

রোববার (২০ এপ্রিল) রাত থেকে মোহাম্মদপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ করে তিন রাস্তার মোড়, রায়েরবাজার ও বেড়িবাঁধ এলাকায় তল্লাশি জোরদার করা হয়। এতে অর্ধশতাধিক পুলিশ সদস্য অংশ নেন।

পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে এলাকায় ছিনতাই, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধির পেছনে ভাসমান লোকজনের সম্পৃক্ততা বেশি। ফলে এসব অপরাধ দমনে কঠোর অবস্থানে যাচ্ছে তারা।

তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান বলেন, বিভিন্ন জেলা ও আশপাশের এলাকা থেকে এসে অনেকেই মোহাম্মদপুরে অবস্থান নেয়, যাদের নির্দিষ্ট কোনো জীবিকা নেই। এদের একটি অংশ অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

তিনি জানান, বৈধভাবে কাজ করে জীবিকা নির্বাহ করতে হবে—অন্যথায় এসব ব্যক্তিকে এলাকা ছাড়তে হবে।

গত এক সপ্তাহে সংঘটিত দুটি হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন করে এই অভিযান জোরদার করা হয়েছে। ইতোমধ্যে এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি পুলিশের।

এদিকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদের মোতায়েন বাড়ানো হয়েছে। বসিলা পুলিশ ক্যাম্পে অতিরিক্ত জনবল যুক্ত করা হয়েছে এবং ভবিষ্যতে এটিকে পূর্ণাঙ্গ থানায় রূপান্তরের পরিকল্পনার কথাও জানিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মোহাম্মদপুরে অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

 
 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top