যশোরে বস্তাবন্দি অবস্থায় বৃদ্ধার মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
যশোর প্রতিনিধি | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১৮:১৩
যশোর শহরের বেজপাড়া এলাকায় বস্তাবন্দি অবস্থায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সকিনা বেগম (৬০)। তিনি ওই এলাকার বাসিন্দা এবং লাল চাঁদ খলিফার স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে সকিনা বেগমের ছেলে শহিদুল দোকানে যান। যাওয়ার আগে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বাসায় রান্না হয়নি এবং বাইরে খেয়ে নিতে বলা হয়। এ সময় তাকে জানানো হয়, তার মা ধর্মীয় তালিমে গেছেন।
তবে রাত ১০টার দিকে বাসায় ফিরে শহিদুল মাকে না পেয়ে খোঁজ শুরু করেন। তখনও একই তথ্য দেওয়া হলে তার সন্দেহ হয়। পরে তিনি বিষয়টি কোতোয়ালি থানায় জানান।
এরপর রাত সাড়ে ১২টার দিকে বাড়ির সামনে একটি বস্তার ভেতরে মরদেহ দেখতে পান তিনি। পরে স্বজনদের সহায়তায় মরদেহটি সকিনা বেগমের বলে শনাক্ত করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।