হাতেনাতে ধরা চোরকে নামাজ পড়িয়ে ছেড়ে দিল মাদ্রাসা কর্তৃপক্ষ
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১৪:৩৬
চুরির অভিযোগে আটক এক যুবককে শারীরিক শাস্তি না দিয়ে নামাজের মাধ্যমে সংশোধনের সুযোগ দিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার একটি মাদ্রাসা কর্তৃপক্ষ।
বুধবার রাতে উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ওই যুবক মাদ্রাসার দানবাক্স ভেঙে টাকা নেওয়ার চেষ্টা করছিলেন। সন্দেহজনক আচরণ দেখে স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলেন। সাধারণত এমন ঘটনায় জনতার ক্ষোভে মারধরের ঘটনা ঘটলেও এখানে ভিন্ন চিত্র দেখা যায়।
মাদ্রাসা কর্তৃপক্ষ ও উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাকে শারীরিকভাবে আঘাত না করার সিদ্ধান্ত নেন। বরং তাকে বুঝিয়ে অজু করিয়ে মসজিদে নামাজ পড়ানোর ব্যবস্থা করা হয়। পরে তাকে সৎপথে ফিরে আসার উপদেশ দেওয়া হয় এবং ভবিষ্যতে এমন কাজে জড়াবে না—এমন অঙ্গীকার নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত মানুষের নজর কাড়ে। অনেকেই মাদ্রাসা কর্তৃপক্ষের মানবিক আচরণের প্রশংসা করে বলছেন, কঠোরতার চেয়ে সহমর্মিতাই মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারে।
স্থানীয় বাসিন্দারা জানান, আটক যুবককে মারধর না করে তাকে ভালো পথে ফেরানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা সমাজে ইতিবাচক বার্তা দেবে।
মাদ্রাসার মুহতামিম ইমাম হোসেন মোস্তাফী বলেন, শাস্তির চেয়ে সংশোধনই গুরুত্বপূর্ণ। ভালোবাসা ও ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে তাকে সঠিক পথে ফেরানোর চেষ্টা করা হয়েছে। তিনি জানান, যুবকটি নিজের ভুল স্বীকার করেছে এবং ভবিষ্যতে এমন কাজ না করার প্রতিশ্রুতি দিয়েছে। তাই সতর্ক করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।