চিতলমারীতে দখল-লুটপাট, নারী নির্যাতন ও অগ্নিসংযোগের অভিযোগ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ১০:০৮
বাগেরহাটের চিতলমারী উপজেলার সিরামপুর মৌজায় দখল, চাঁদাবাজি, লুটপাট, নারী নির্যাতন ও অগ্নিসংযোগের গুরুতর অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ দুর্বৃত্ত চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীরা সংবাদ সম্মেলন করে বিচার ও নিরাপত্তার দাবি জানিয়েছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, গত ২১ এপ্রিল দুপুর আনুমানিক ১২টার দিকে কালাম শিকদার, আউলিয়া শেখ ও মোহাম্মাদ শেখের নেতৃত্বে ১২ থেকে ১৩ জনের একটি দল তাদের মৎস্য ঘের ও বসতবাড়িতে হামলা চালায়।
হামলাকারীরা ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এসময় আতঙ্কে পরিবারের সদস্যরা প্রাণ বাঁচাতে পালিয়ে যান। অভিযোগ রয়েছে, হামলার এক পর্যায়ে মোহাম্মাদ শেখ ঘরে প্রবেশ করে এক নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং তার পরিহিত কাপড় ছিঁড়ে ফেলে। পরে তাকে চুল ধরে টেনে বাইরে এনে মারধর করা হয়।
এছাড়া হামলাকারীরা একটি স্বর্ণের চেইন ও একটি মোবাইল ফোনসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে নেয়। লুট হওয়া জিনিসের মধ্যে আইপিএস, ব্যাটারি ও অন্যান্য মূল্যবান সামগ্রীও ছিল বলে জানা গেছে।
ভুক্তভোগীরা আরও জানান, হামলাকারীরা একটি টিনের ঘর ও তিনটি গোলপাতার বসতঘরে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ঘরবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। হামলার সময় তাদের হাতে লোহার রড, কুড়াল, রামদাসহ দেশীয় অস্ত্র ছিল।
অভিযোগ রয়েছে, একই দিন রাতে হামলাকারীরা ঘের থেকে প্রায় ১০ লাখ টাকার মাছ ও একটি ডিজেলচালিত মেশিন লুট করে নিয়ে যায়। পরদিন গিয়ে দেখা যায়, ঘেরের জাল, টিউবওয়েল এবং গাছপালাও তুলে নেওয়া হয়েছে।
ভুক্তভোগীরা জানান, তারা দীর্ঘ ১২ থেকে ১৩ বছর ধরে প্রায় ৪০ বিঘা জমিতে মৎস্য ঘের করে ভোগদখলে ছিলেন। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এলাকা ছাড়ার হুমকির মধ্যে রয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শেখ মুজিবর রহমান, মরিয়ম বেগম, হাবিবুর হালদার ও বিশ্বাস আব্দুল হালিমসহ স্থানীয় কয়েকজন।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।