বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে আবারও দুঃসংবাদ
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ১৬:০৯
দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র আবারও বিপর্যয়ের মুখে পড়েছে। উৎপাদন শুরু হওয়ার মাত্র ১৫ ঘণ্টার মধ্যেই কেন্দ্রটি পুনরায় বন্ধ হয়ে গেছে।
শনিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রটির প্রথম ইউনিটের বয়লারের টিউব হঠাৎ বিস্ফোরিত হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটটি বন্ধ হয়ে যাওয়ার ফলে বর্তমানে কেন্দ্রটির সব ইউনিটের উৎপাদন পুরোপুরি থমকে গেছে। এতে উত্তরবঙ্গের আটটি জেলায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এর আগে গত বুধবার রাতে কয়লার সঙ্গে পাথর মিশে আসায় বয়লারের পাইপ ফেটে যায় এবং কুলিং ফ্যান ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনার পর দীর্ঘ সময় ধরে মেরামত কাজ চলে। টানা ৪৮ ঘণ্টার প্রচেষ্টার পর শুক্রবার রাতে কেন্দ্রটি আবার উৎপাদনে ফিরেছিল।
তবে সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। উৎপাদন শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই নতুন করে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় কেন্দ্রটি আবারও অচল হয়ে পড়ে।
কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, বয়লারের টিউব ফেটে যাওয়ায় ইউনিট চালু রাখা সম্ভব হচ্ছে না। বর্তমানে বয়লারের বাষ্প ঠান্ডা করার কাজ চলছে, যা সময়সাপেক্ষ। সবকিছু ঠিক করে পুনরায় উৎপাদনে ফিরতে পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত সময় লাগতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।