শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

বিবাহবার্ষিকীর ৩ দিন পর মহাসড়কের পাশে মিলল নিখোঁজ কাস্টমস কর্মকর্তার মরদেহ

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ১৭:৫৫

ছবি: সংগৃহীত

ঢাকায় ফেরার পথে নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর এক রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় একটি হোটেলের পাশের ফুটপাত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বুলেট বৈরাগী (৩৫) কাস্টমস, আবগারি ও মূল্য সংযোজন কর বিভাগে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামে ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল প্রশিক্ষণের উদ্দেশে চট্টগ্রামে যান বুলেট বৈরাগী। শুক্রবার রাত ১১টার দিকে প্রশিক্ষণ শেষে তিনি চট্টগ্রামের অলংকার মোড় থেকে বাসে করে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে পরিবারের সদস্যদের সঙ্গে তার মুঠোফোনে কথা হয়। সর্বশেষ রাত ২টা ২৫ মিনিটে তিনি জানান, তিনি কুমিল্লা নগরীর টমছম ব্রিজ চৌরাস্তার মোড়ে পৌঁছেছেন।

এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও কোনো সন্ধান না পেয়ে শনিবার সকালে তার বাবা সুশীল বৈরাগী কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ময়নামতি মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মোমিন জানান, জাতীয় জরুরি সেবা নম্বরে কল পেয়ে পুলিশ কোটবাড়ি এলাকার একটি হোটেলের পাশের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পরে দুপুর ১টার দিকে পরিবারের সদস্যরা থানায় গিয়ে মরদেহটি বুলেট বৈরাগীর বলে শনাক্ত করেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার বলেন, নিখোঁজের বিষয়ে পরিবারের করা সাধারণ ডায়েরির পর মরদেহ উদ্ধার হয়েছে এবং স্বজনরা তা শনাক্ত করেছেন। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top