জ্বালানি সংকটেও দেশে শিল্পকারখানার উৎপাদন কমেনি, দাবি জ্বালানিমন্ত্রীর
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ১৭:৩৪
জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ সংকটের মধ্যেও দেশে শিল্পকারখানার উৎপাদন কমেনি বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, কিছু ক্ষেত্রে রপ্তানি কমলেও এর পেছনে জ্বালানি সংকট নয়, বরং বিশ্ববাজারের মন্দাভাবই মূল কারণ।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় জিয়া হল প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, বিদ্যুৎ উৎপাদনের পর সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দেয় বেসরকারি মালিকানাধীন শিল্পকারখানাকে। বর্তমান জ্বালানি সংকটেও শিল্প খাতের উৎপাদন সচল রয়েছে, যা অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত।
তিনি আরও বলেন, শিল্প খাতকে টেকসইভাবে এগিয়ে নিতে কম জ্বালানি ব্যবহারকারী শিল্পে বিনিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি জ্বালানি তেল ও গ্যাসের চাহিদা পূরণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যৎ সংকট মোকাবিলায় তেল ও গ্যাস মজুদের পরিকল্পনাও হাতে নিয়েছে সরকার।
পাট খাতের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের ঐতিহ্যবাহী পাট শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। পাট বীজে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ে বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এই কর্মসূচি সফল হলে বিদেশ নির্ভরতা কমবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, সচিব আব্দুন নাসের খান, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং জেলা প্রশাসক মো. রায়হান কবিরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।