বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. আব্দুল কুদ্দুস মারা গেছেন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ১৯:৪০
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর জাতীয় স্নায়ুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিএনপির গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বাদ আসর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। রোববার (২৬ এপ্রিল) বাদ জোহর ময়মনসিংহের গফরগাঁওয়ে নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষুবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক ছিলেন। তিনি সেখানে উপ-তত্ত্বাবধায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
পৃথক শোকবার্তায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী গভীর শোক প্রকাশ করেছেন। তারা বলেন, চিকিৎসা ও রাজনীতিতে অধ্যাপক কুদ্দুসের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।