শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

চট্টগ্রামে দাওয়াত খেয়ে ফেরার পথে যুবককে গুলি করে হত্যা

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ১৭:১৪

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে নানাবাড়ি থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে কাউসার উজ জামান বাবলু (৩৬) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব আলিখীল খামার টিলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাবলু ওই এলাকার আবুল কালাম সওদাগরের ছেলে। তিনি দুই কন্যা সন্তানের জনক।

স্থানীয়দের ভাষ্য, বাবলুর বসতঘর থেকে প্রায় আধা কিলোমিটার দূরে খামার টিলা এলাকায় তার মামাতো ভাই পলিনসহ কয়েকজন টিলা কেটে মাটি বিক্রি করে আসছিলেন। এ বিষয়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।

নিহতের স্ত্রী লিজা মনি জানান, কয়েক দিন ধরেই বাবলুকে ফোনে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। কিছুদিন আগে একটি বাজার এলাকায় ভিডিও ধারণ নিয়ে একজনের সঙ্গে তার বিরোধ হয়। এর পর থেকেই অজ্ঞাত ব্যক্তিরা তাকে হুমকি দিয়ে আসছিল বলে দাবি করেন তিনি।

নিহতের বাবা আবুল কালাম সওদাগর বলেন, ঘটনাস্থল বাবলুর নানার বাড়ির পাশেই। সেখানে দাওয়াতে গিয়ে রাত গভীর হলে ফেরার পথে দুর্বৃত্তরা তার পথরোধ করে গুলি করে হত্যা করে। তিনি জানান, বাবলু সরাসরি রাজনীতিতে সক্রিয় না থাকলেও একটি রাজনৈতিক দলকে সমর্থন করতেন। তিনি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top