হাওরে ধান ডুবে যাওয়ার দৃশ্য দেখে হৃদ্রোগে কৃষকের মৃত্যু
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ মে ২০২৬, ১১:৩৫
কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওরে পাকা ধানের জমি পানিতে তলিয়ে যেতে দেখে হৃদ্রোগে আক্রান্ত হয়ে আক্তার হোসেন (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।
শনিবার (২ মে) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি অষ্টগ্রামের দেওঘর ইউনিয়নের আলীনগর পশ্চিম পাড়ার বাসিন্দা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টি ও উজানের ঢলে হাওরাঞ্চলে পানি বৃদ্ধি পাওয়ায় তার প্রায় ৩ একর জমির পাকা বোরোধান পানিতে তলিয়ে যায়। ধান কাটা কিছুটা শুরু হলেও পরিবহন সমস্যায় তা বাড়িতে নিতে পারেননি। পরে জমিতে গিয়ে ধান নষ্ট হয়ে যাওয়ার দৃশ্য দেখে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং অসুস্থ হয়ে পড়েন।
দেওঘর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মোছা. নাছিমা আক্তার জানান, জমির অবস্থা দেখে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।
মৃতের ভাতিজা তৌহিদ জানান, আক্তার হোসেন প্রায় দেড় লাখ টাকা ঋণ নিয়ে চাষাবাদ করেছিলেন। ধান পানিতে তলিয়ে যাওয়ায় তিনি চরম হতাশায় ছিলেন।
এদিকে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, টানা বৃষ্টি ও ঢলের কারণে কিশোরগঞ্জ জেলার হাওরাঞ্চলে নতুন করে আরও প্রায় ২ হাজার হেক্টর বোরোধান পানিতে তলিয়ে গেছে। মোট ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯ হাজার ৪৫ হেক্টর। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইটনা ও অষ্টগ্রাম এলাকায়।
হাওরের এই বিপর্যয়ে কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ও হতাশা বিরাজ করছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।