মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

ময়মনসিংহে প্রাণি সুরক্ষা নিয়ে তিন ঘণ্টার কর্মশালা, অংশ নিলেন অর্ধশতাধিক তরুণ

আহসান সাকিব হাসান | প্রকাশিত: ৫ মে ২০২৬, ১৮:০৮

ছবি: সংগৃহীত

প্রাণিদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং বাস্তবভিত্তিক কার্যক্রমকে কেন্দ্র করে “তরুণদের জন্য প্রাণি সুরক্ষা: প্রশিক্ষণ ও কার্যক্রম” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই তিন ঘণ্টাব্যাপী প্রশিক্ষণটি ৫ মে ২০২৬ তারিখে সফলভাবে সম্পন্ন হয়। এতে অর্ধশতাধিক তরুণ অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণটির আয়োজন করে লাল সবুজ সোসাইটি। আয়োজকদের মতে, তরুণদের প্রাণি সুরক্ষা বিষয়ে সচেতন করা এবং মাঠ পর্যায়ে কার্যকরভাবে কাজ করার জন্য প্রস্তুত করাই ছিল মূল লক্ষ্য।

অংশগ্রহণকারীরা প্রাণি অধিকার, নিরাপদ আচরণ, উদ্ধার কার্যক্রমের মৌলিক ধারণা এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। পাশাপাশি প্রাণিদের প্রতি মানবিক আচরণ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশে প্রাণিদের প্রতি নির্যাতন, অবহেলা এবং সুরক্ষার অভাব একটি চলমান সামাজিক সমস্যা। আয়োজকরা মনে করেন, এ ধরনের প্রশিক্ষণ তরুণদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি এবং বাস্তব পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ হাদিউজ্জামান (ডিভিএম, এমএস, মাইক্রোবায়োলজিতে পিএইচডি) এবং এমডি জান্নাতুল নাঈম চঞ্চল, প্রেসিডেন্ট, র‍্যাপিড রেসপন্স বিডি।

ডা. মোঃ হাদিউজ্জামান বলেন, “প্রাণি সুরক্ষা শুধু সহানুভূতির বিষয় নয়, এটি একটি দায়িত্বশীল সামাজিক আচরণ। তরুণরা যদি এই বিষয়ে দক্ষতা ও সচেতনতা অর্জন করে, তাহলে বাস্তব পরিবর্তন সম্ভব।”

একজন অংশগ্রহণকারী বলেন, “এই প্রশিক্ষণ থেকে আমি শুধু জ্ঞানই পাইনি, বরং বাস্তবে কিভাবে প্রাণিদের সহায়তা করা যায় সে বিষয়ে আত্মবিশ্বাস পেয়েছি। ভবিষ্যতে এ বিষয়ে কাজ করার আগ্রহ আরও বেড়েছে।”

লাল সবুজ সোসাইটির প্রোগ্রাম সমন্বয়ক আজিজুন নাহার তমা বলেন, “তরুণদের সম্পৃক্ত করে প্রাণি সুরক্ষায় একটি সচেতন ও দায়িত্বশীল সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এই ধরনের উদ্যোগের মাধ্যমে আমরা সেই লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যেতে চাই।”

আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে

 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top