মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

মৃত্যুর গুজবে ক্ষোভ প্রকাশ করলেন রুনা লায়লা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৬, ১৯:০৬

সংগৃহীত

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা-কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর গুজব নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। তবে এই গুজবকে সরাসরি নাকচ করে নিজেই ভক্তদের আশ্বস্ত করেছেন কিংবদন্তি এই শিল্পী।

বর্তমানে ভারতের দিল্লি-তে অবস্থান করছেন রুনা লায়লা। ‘মিনার–ই–দিল্লি’ পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতেই তার এই সফর। এর মধ্যেই হঠাৎ তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রুনা লায়লা বলেন, “আমার মৃত্যুর বিষয়ে কিছু অদ্ভুত গুজব ছড়ানো হচ্ছে। আমি সবাইকে জানাতে চাই, আমি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছি।”

এ সময় তিনি ভক্তদের উদ্দেশে অনুরোধ জানান, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য যেন শেয়ার না করা হয়। তার ভাষায়, এ ধরনের গুজব শুধু একজন শিল্পীকেই নয়, তার পরিবার ও ঘনিষ্ঠজনদেরও মানসিকভাবে আঘাত করে।

তিনি আরও বলেন, ভুয়া তথ্য প্রচার একটি দায়িত্বজ্ঞানহীন আচরণ, যা সমাজে অপ্রয়োজনীয় বিভ্রান্তি তৈরি করে। তাই এ বিষয়ে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে গুজব ছড়িয়ে পড়ার পর দেশ-বিদেশে থাকা তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা উদ্বেগ প্রকাশ করেন এবং একের পর এক ফোন ও খোঁজখবর নিতে থাকেন। এতে কিছুটা বিব্রত হলেও সবার ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন এই কিংবদন্তি গায়িকা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top