মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বড় সাফল্য বাংলাদেশের, শ্রীলঙ্কাকে টপকে অষ্টম স্থানে

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৬, ১৮:৪২

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে সুখবর পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ তালিকায় শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশ উঠে এসেছে অষ্টম স্থানে।

পুরুষ দলের এই অগ্রগতির পাশাপাশি নারী ক্রিকেট দলও রেটিং পয়েন্ট বাড়িয়ে অবস্থান আরও শক্ত করেছে। নারী দলের রেটিং পয়েন্ট বেড়েছে ৫। বর্তমানে দশম স্থানে থাকা বাংলাদেশ মাত্র ১ পয়েন্ট পিছিয়ে আছে নবম স্থানে থাকা আয়ারল্যান্ডের চেয়ে। এর আগে মে মাসের শুরুতে নারী ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও এক ধাপ উন্নতি করেছিল বাংলাদেশ।

হালনাগাদের নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের মে মাস থেকে খেলা ম্যাচের পূর্ণ পয়েন্ট এবং তার আগের দুই বছরের ম্যাচের অর্ধেক পয়েন্ট হিসাব করা হয়েছে। ২০২৩ সালের মে মাসের আগের ম্যাচগুলো এই হিসাব থেকে বাদ দেওয়া হয়েছে।

এই সমীকরণের ফলে শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট কমে যাওয়ায় তারা নবম স্থানে নেমে গেছে। তাদের ঠিক পেছনে এক পয়েন্ট ব্যবধানে দশম স্থানে রয়েছে আফগানিস্তান।

শীর্ষে অবস্থান ধরে রেখেছে ভারত, তাদের পয়েন্ট ২৭৫। দ্বিতীয় স্থানে ইংল্যান্ড ২৬২ পয়েন্ট নিয়ে, আর তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া ২৫৮ পয়েন্টে রয়েছে। শীর্ষ সাত দলের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।

নারী র‍্যাঙ্কিংয়েও শীর্ষ তিনে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারত। শীর্ষ অবস্থানে থাকা দলগুলোর মধ্যে বড় পরিবর্তন না হলেও মধ্যম সারিতে কিছু অদলবদল দেখা গেছে।

এবারের হালনাগাদে নতুন করে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের পুরুষ দল, যারা নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডকে পেছনে ফেলে ১৩তম স্থানে উঠে এসেছে। এছাড়া নেপাল, ওমানসহ কয়েকটি দলও উন্নতি করেছে।

অন্যদিকে পর্যাপ্ত আন্তর্জাতিক ম্যাচ না খেলার কারণে কয়েকটি দেশ র‍্যাঙ্কিং থেকে বাদ পড়েছে, ফলে সামগ্রিকভাবে পুরুষ দলের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯৮-এ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top