মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

খুলনায় গুলিবিদ্ধ যুবক, ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে গুলি—রহস্য ঘনীভূত

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৬, ২১:৪১

ছবি: সংগৃহীত

খুলনা নগরে গুলিবিদ্ধ এক যুবককে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে আবার গুলি চালানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, রাজু হাওলাদার (৩৮) নামে ওই যুবক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। খুলনার লবণচরা থানায় তাঁর বিরুদ্ধে চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার নগরের লবণচরা থানার কোবা মসজিদসংলগ্ন এলাকায় পেটে গুলিবিদ্ধ হন রাজু। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে কীভাবে বা কারা তাঁকে গুলি করেছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অ্যাম্বুলেন্সটি রওনা দেয়। পথে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাফর আহম্মেদ বলেন, অ্যাম্বুলেন্সে গুলি চালানোর খবর পেয়ে তারা অতিরিক্ত নিরাপত্তা দেন এবং গাড়িটিকে নিরাপদে তাদের থানা এলাকা পার করে দেন। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।

অন্যদিকে, লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোশারেফ হোসেন বলেন, রাজু কোথায় ও কখন গুলিবিদ্ধ হয়েছেন তা এখনো স্পষ্ট নয়। তাঁর পেটে গুলির চিহ্ন পাওয়া গেছে। পুরো ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

ঘটনার নেপথ্য ও অ্যাম্বুলেন্সে গুলি চালানোর অভিযোগ ঘিরে নতুন করে রহস্য তৈরি হয়েছে।

 
 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top