বুড়িমারী মগলীবাড়ি সীমান্তে
বাংলাদেশের ভেতরে ভারতীয় ড্রোন পড়ে যাওয়ায় আতঙ্ক, তদন্ত শুরু
রাকিব ইসলাম | প্রকাশিত: ৫ মে ২০২৬, ১৯:১৩
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী মগলীবাড়ি সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে একটি ভারতীয় নজরদারি ড্রোন বিধ্বস্ত হয়েছে। সীমান্তে এ ঘটনা ঘটতেই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার দুপুরে মগলীবাড়ি সীমান্তের ৮৪১ নম্বর মূল পিলারের ৮ নম্বর উপ-পিলারের কাছাকাছি এলাকায় ভুট্টাখেতে ড্রোনটি বিকট শব্দে আছড়ে পড়ে বলে জানান স্থানীয়রা। ঘটনাস্থলটি সীমান্তের প্রায় ১০ গজ ভেতরে বলে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এক কৃষক ওই সময় ক্ষেতে কাজ করছিলেন। তার মাথার ওপর দিয়ে ড্রোনটি উড়ে যাওয়ার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ভুট্টাখেতে আছড়ে পড়ে।
ঘটনার পরপরই তিনি বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশকে জানান। পরে তারা ঘটনাস্থলে গিয়ে ড্রোনটি উদ্ধার করে নিয়ে যায়। তবে ওই কৃষকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সীমান্তের ওপারে ভারতের একটি সীমান্ত ঘাঁটির অধীন ইউনিট থেকে ড্রোনটি পরিচালিত হতে পারে বলে স্থানীয় সূত্রে ধারণা করা হচ্ছে।
ড্রোনটি বাংলাদেশের ভেতরে কী কারণে প্রবেশ করল, এতে কোনো নজরদারি বা ভিডিও ধারণ করা হয়েছিল কিনা—তা খতিয়ে দেখছে বর্ডার গার্ড বাংলাদেশ। ঘটনাটিকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
সীমান্ত সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, ওই এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নিয়মিত ড্রোন ব্যবহার করে নজরদারি চালায়, যা নিয়ে আগে থেকেই অভিযোগ রয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, ড্রোনটি উদ্ধার করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।