১১ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ১০:১৭
দেশের বাজারে ১১ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। জানানো হয়, নতুন এ দাম রোববার (১ মার্চ) থেকে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তেজাবি সোনার মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দর নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় বাজারে রুপার মূল্য বাড়ায় রুপার দামও সমন্বয় করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৬ হাজার ৪৩৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭৯ হাজার ৮৫৯ টাকা।
রুপার ক্ষেত্রেও বেড়েছে দাম। প্রতি ভরি ২২ ক্যারেটের রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৯৯৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৭০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, সোনা ও রুপার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে একই দিন সকালে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬৫ হাজার ৪১৪ টাকা, যা কার্যকর হয়েছিল সকাল সাড়ে ১০টা থেকে।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৩৪ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২২ বার দাম বেড়েছে এবং ১২ বার কমানো হয়েছে। গত ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।
অন্যদিকে, চলতি বছরে রুপার দাম ২০ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৩ বার দাম বেড়েছে এবং ৭ বার কমানো হয়েছে। ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল ১৩ বার; যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং ৩ বার কমেছিল। ধারাবাহিক মূল্যবৃদ্ধিতে স্বর্ণ ও রুপার বাজারে অস্থিরতা আরও স্পষ্ট হয়ে উঠেছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।