বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

সয়াবিন তেলের দাম বাড়ালো সরকার, আজ থেকেই কার্যকর

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১৮:০৫

ছবি: সংগৃহীত

বাজারে কয়েকদিন ধরে চলা সয়াবিন তেলের সংকটের মধ্যেই এবার খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার।

বুধবার (২৯ এপ্রিল ২০২৬) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের বাজারমূল্য নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি জানান, আন্তর্জাতিক বাজারে উৎস পর্যায়ে সয়াবিন তেলের দাম বেড়ে যাওয়ায় আমদানি খরচেও প্রভাব পড়েছে। আমদানিকারকেরা দাম বৃদ্ধির অনুরোধ জানালে তা যাচাই করে যৌক্তিকতা পাওয়া গেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে চার টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৯৫ টাকা। একইভাবে খোলা সয়াবিন তেলের দামও লিটারে চার টাকা বাড়ানো হয়েছে।

মন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে দেশের বাজারেও তার প্রভাব পড়বে এবং সে অনুযায়ী দাম সমন্বয় করা হবে।

তিনি বলেন, দাম বাড়ার ফলে ভোক্তাদের ওপর কিছুটা চাপ সৃষ্টি হবে। তবে ভোক্তারা চাইলে সয়াবিন তেলের পরিবর্তে অন্য ভোজ্যতেল যেমন পাম তেল বা অন্যান্য তেল ব্যবহার করতে পারেন।

নতুন নির্ধারিত দামে পণ্য বিক্রি নিশ্চিত করতে নজরদারি জোরদার করা হবে বলেও জানান তিনি। স্থানীয় পর্যায়েও তদারকি চলবে এবং কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে সতর্ক করেন বাণিজ্যমন্ত্রী।

এদিকে ব্যবসায়ীরা বলছেন, নতুন দাম আংশিকভাবে সমন্বয় করা হয়েছে। তারা বিষয়টি মেনে নিলেও ঈদের পর আবারও বাজার পরিস্থিতি অনুযায়ী সমন্বয়ের দাবি জানিয়েছেন।

অন্যদিকে, বাংলাদেশ ট্রেডিং করপোরেশনের তথ্য অনুযায়ী, গত এক মাসে বাজারে খোলা সয়াবিন ও পাম তেলের দাম লিটারে প্রায় ছয় শতাংশ বেড়েছে। গত বছরের তুলনায় খোলা সয়াবিনের দাম বেড়েছে প্রায় আঠারো শতাংশ এবং পাম তেলের দাম বেড়েছে প্রায় এগারো শতাংশ।

এর আগে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডারের দামও বাড়ানোর ঘোষণা দিয়েছিল সরকার।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top