নতুন কাজ নিয়ে ফিরছেন তৌকীর আহমেদ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১৬:৫৫
অভিনয়, পরিচালনা ও চিত্রনাট্য রচনায় সমান দক্ষতা দেখানো অভিনেতা তৌকীর আহমেদ আবারও নতুন কাজে যুক্ত হচ্ছেন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটক ও টেলিফিল্মে দর্শকদের মুগ্ধ করা এই অভিনেতা এবার আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিজের লেখা টেলিফিল্মে অভিনয় করছেন।
ঈদের বিশেষ আয়োজন হিসেবে নির্মিত হচ্ছে টেলিফিল্ম ‘জোহরা বেগমের ইচ্ছাপত্র’। এতে চিত্রনাট্য রচনার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ও করছেন তৌকীর আহমেদ। টেলিফিল্মটি পরিচালনা করছেন নির্মাতা আরিফ খান। গত ২৮ এপ্রিল থেকে এর শুটিং শুরু হয়েছে।
নিজের কাজ সম্পর্কে তৌকীর আহমেদ বলেন, ঈদের সময় সাধারণত দর্শকরা আনন্দ-উৎসবের গল্প পছন্দ করেন। তবে এই গল্পে জীবনের নানা বাঁক ও বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভিন্নধর্মী এই গল্প দর্শকদের কাছে গ্রহণযোগ্য হবে।
পরিচালক আরিফ খান বলেন, তৌকীর আহমেদের লেখা গল্পটি অত্যন্ত শক্তিশালী। তার মতো অভিজ্ঞ শিল্পীর লেখা ও অভিনয়ে কাজ করতে পারা তার জন্য গর্বের বিষয়। পাশাপাশি পুরো তারকাবহুল টিমের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
টেলিফিল্মটিতে তৌকীর আহমেদের পাশাপাশি অভিনয় করছেন বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ, ফেরদৌসী মজুমদার, আফজাল হোসেন, দীপা খন্দকার ও জাকিয়া বারী মমসহ আরও অনেকে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।