সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

অসুস্থ শাহনূরের আবেগঘন বার্তা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:১১

সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাহনূর জটিল রোগে আক্রান্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় তোঁর অগ্ন্যাশয় (প্যানক্রিয়াস)–এ টিউমার ধরা পড়ে। এমআরআই রিপোর্টের পর চিকিৎসকেরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন।

যুক্তরাষ্ট্র থেকে পাওয়া নিশ্চিত সংবাদে বলা হয়েছে, শাহনূরের শারীরিক অবস্থার বিশেষজ্ঞ চিকিৎসকেরা দ্রুত অস্ত্রোপচার করাতে অনুরোধ করছেন, নইলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তিনি বর্তমানে নিউইয়র্কের মাউন্ট সিনাই ম্যানহাটন হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন, এবং ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট সাপেক্ষে দু’এক দিনের মধ্যে অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা রয়েছে।

শাহনূর নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অসুস্থতার খবর জানিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, “আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ। আমার কথায়, কাজে বা ব্যবহারে কেউ যদি কখনো কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দেবেন।”

তিনি দীর্ঘ ২৬ বছরের ক্যারিয়ারে নিজের অর্জনের চেয়ে মানুষের ভালোবাসাকে বড় করে দেখার মূল্য দিয়েছেন। পোস্টে উল্লেখ করেন, “ক্যারিয়ারে কোনোদিন নিজের জন্য একটা ফ্ল্যাট বা দামি গাড়ি কিনিনি। সবসময় মনে করেছি—ধন-সম্পদ কিছুই আমার সঙ্গে যাবে না। মানুষের উপকার করলে তারা যে দোয়া করবেন, সেটাই আমার সঙ্গে যাবে।”

শাহনূর পথশিশু, প্রতিবন্ধী ও বৃদ্ধাশ্রমের মানুষের জন্য কর্মসূচিতে সক্রিয় ছিলেন এবং সেই বিষয়টিও নিজের পোস্টে স্মরণ করেন।

তিনি তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া প্রার্থনা করেছেন এবং নামাজের সময় সবার কাছে নিজের গুনাহ মাফের জন্য দোয়া চেয়েছেন।

শাহনূর অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে সুচন্দা পরিচালিত ‘হাজার বছর ধরে’, যেখানে তিনি ‘আম্বিয়া’ চরিত্রে অভিনয় করে ব্যাপক সমাদর পেয়েছিলেন। গত এক বছরেরও বেশি সময় ধরে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top