শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

সুনামগঞ্জে আকস্মিক বন্যার শঙ্কা, হাওড় এলাকায় সতর্কতা জারি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪৩

সংগৃহীত

সুনামগঞ্জে আগামী কয়েকদিন ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে হাওড় অঞ্চলে সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড।

শুক্রবার দুপুরে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বিভিন্ন আন্তর্জাতিক আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুযায়ী আগামী ২৩ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওড় অববাহিকা ও উজানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী,

  • ২৪–২৬ এপ্রিল: হালকা থেকে মাঝারি বৃষ্টি
  • ২৭ এপ্রিল: মাঝারি থেকে ভারি বৃষ্টি
  • ২৮–৩০ এপ্রিল: ভারি থেকে অতি ভারি বৃষ্টি

এতে করে হাওড় এলাকার প্রধান নদী—সুরমা-কুশিয়ারা, ধনু-বাউলাই ও ভুগাই-কংসসহ অন্যান্য নদীর পানি দ্রুত বাড়তে পারে। ২৮ এপ্রিলের পর এসব নদীর পানি কোথাও কোথাও বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনাও রয়েছে।

বর্তমানে সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ১ দশমিক ৭৬ মিটার নিচে রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

এ অবস্থায় ২৮ এপ্রিল থেকে সুনামগঞ্জে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে। এতে হাওড় অঞ্চলের বোরো ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কৃষকদের উদ্দেশে বিশেষ অনুরোধ জানানো হয়েছে, যেসব জমির ৮০ শতাংশ ধান ইতিমধ্যে পেকে গেছে, সেসব ধান দ্রুত কেটে ফসল ঘরে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top