লেবানন থেকে ইসরায়েলি সেনারা স্বর্ণ চুরি করছে
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ১১:২৩
দক্ষিণ লেবাননে সামরিক অভিযানে নিয়োজিত ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ব্যাপক লুটপাটের অভিযোগ উঠেছে। ইসরায়েলের প্রভাবশালী দৈনিক হারেৎজ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, লুট করা সামগ্রীর মধ্যে স্বর্ণের বারও পাওয়া গেছে বলে অভিযোগ রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে আসবাবপত্র, টেলিভিশন, কার্পেট, এমনকি মোটরসাইকেল পর্যন্ত লুটপাটের ঘটনা ঘটছে। বিষয়টি নতুন করে সামনে আসে যখন এক রিজার্ভ সেনা অভিযোগ করেন, তিনি সহকর্মীকে স্বর্ণের বার চুরি করতে দেখেছেন।
ওই সেনা দাবি করেন, ঘটনাটি সরাসরি তার ইউনিটের মধ্যে ঘটলেও শুরুতে সেনাবাহিনী এ বিষয়ে অবগত ছিল না। পরে অভিযোগ প্রকাশ্যে এলে ইসরায়েলি সামরিক বাহিনী বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে।
তবে হারেৎজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে এ ধরনের লুটপাটের অভিযোগ নতুন নয়। গাজা যুদ্ধকালেও একই ধরনের অভিযোগ সামনে এসেছিল বলে জানায় সংবাদমাধ্যমটি।
সৈন্যদের বক্তব্য অনুযায়ী, রিজার্ভ সেনাদের মধ্যে এই ধরনের লুটপাটের প্রবণতা বেশি দেখা যাচ্ছে। মাঠপর্যায়ের কমান্ডাররা বিষয়টি জানলেও অনেক ক্ষেত্রে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
এদিকে, ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান জেনারেল আইয়াল জামির সামরিক পুলিশকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। সীমান্ত এলাকায় প্রবেশ ও প্রস্থান পথগুলোতে তল্লাশি জোরদার করা এবং যুদ্ধক্ষেত্র থেকে আসা যানবাহন কঠোরভাবে পরীক্ষা করার নির্দেশও দেওয়া হয়েছে।
অন্যদিকে, চলমান সংঘাতে দক্ষিণ লেবাননে ব্যাপক প্রাণহানি ও বাস্তুচ্যুতির ঘটনা ঘটছে। স্থানীয় সূত্র অনুযায়ী, হাজারো মানুষ নিহত ও আহত হয়েছেন এবং লাখের বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন।
মার্কিন মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতি চললেও ইসরায়েলি বাহিনীর হামলা ও গোলাবর্ষণের কারণে পরিস্থিতি এখনো উত্তপ্ত বলে জানাচ্ছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।