শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি নিহত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ১১:২২

সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নিখোঁজ থাকা বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত।

শনিবার (২৫ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। পরে বিষয়টি নিয়ে তিনি গণমাধ্যমকেও অবহিত করেন।

নাহিদা সুলতানা বৃষ্টি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচের সাবেক শিক্ষার্থী। তার মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন তারা।

জাহিদ হাসান প্রান্ত জানান, যুক্তরাষ্ট্রের পুলিশ তাকে ফোনে বোনের মৃত্যুর খবর জানায়। পুলিশের তথ্য অনুযায়ী, একটি বাসার ভেতর রক্তের মধ্যে পাওয়া মরদেহের অংশের সঙ্গে ডিএনএ পরীক্ষা করে নাহিদার পরিচয় নিশ্চিত করা হয়েছে। তবে তার পূর্ণাঙ্গ মরদেহ উদ্ধার করা গেছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

এর আগে একই ঘটনায় নিখোঁজ অপর বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন-এর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) ফ্লোরিডার টাম্পার হাওয়ার্ড ফ্র্যাংকল্যান্ড ব্রিজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানায় স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।

তদন্তে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে হিশাম সালেহ আবুঘরবেহ (২৬)-কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিহত জামিল লিমনের রুমমেট ছিলেন। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

নিহত জামিল লিমন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে নাহিদা সুলতানা বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডক্টরাল গবেষণায় যুক্ত ছিলেন।

ঘটনাটি ঘিরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর উদ্বেগ ও শোকের পরিবেশ বিরাজ করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুরো ঘটনার পেছনের সত্য উদঘাটন নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top