অভিনেতা আলভীর স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বলছে পুলিশ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:২৬
ছোটপর্দার পরিচিত অভিনেতা জাহের আলভী-এর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। বর্তমানে অভিনয়ের কাজে নেপালে অবস্থানরত আলভী খবরটি নিশ্চিত করে সবার কাছে দোয়া চেয়েছেন।
মিরপুর পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আলমগীর জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার দুপুরে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে থানায় ফোন আসে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, মৃত নারী অভিনেতা জাহের আলভীর স্ত্রী।
স্ত্রীর মৃত্যুর খবর পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন জাহের আলভী। তিনি লেখেন, “আজ দুপুরে মিরপুর ডিওএইচএসের বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংরত। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই।” একমাত্র সন্তানের কথা উল্লেখ করে তিনি আরও লেখেন, “আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল।”
শোকাহত এই অভিনেতা সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের কাছে কিছুটা সময় চেয়েছেন। তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে ঢাকা ফেরার চেষ্টা করছেন এবং ফিরে সবার সঙ্গে কথা বলবেন। একই সঙ্গে সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে ইকরাকে বিয়ে করেছিলেন জাহের আলভী। দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে তাঁদের ‘রিজিক’ নামে একটি পুত্রসন্তান রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।