বৃহঃস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

দীপিকার সিদ্ধান্তে কারিনার সমর্থন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ১৩:৪৭

সংগৃহীত

বলিউডে দীর্ঘদিন ধরেই একটি অলিখিত ধারণা প্রচলিত—নায়িকা মানেই গ্ল্যামার, আর মাতৃত্ব মানেই ক্যারিয়ারের গতি কমে যাওয়া। তবে সময়ের সঙ্গে সেই ধারণা বদলাচ্ছে। ক্যারিয়ারের মধ্যগগনে থেকেও বিয়ে ও মাতৃত্বকে আলিঙ্গন করে বড়পর্দায় সমান দাপট দেখানো যায়—তার উজ্জ্বল উদাহরণ কারিনা কাপুর খান।

সম্প্রতি মাতৃত্বকালীন সময় ও কাজের ভারসাম্য নিয়ে নিজের সিদ্ধান্তের কারণে আলোচনায় রয়েছেন দীপিকা পাড়ুকোন। আর সেই সিদ্ধান্তের পক্ষেই এবার খোলাখুলি সমর্থন জানিয়েছেন কারিনা।

মেয়ে দুয়ার জন্মের পর নিজের পেশাদার জীবনে বেশ কিছু পরিবর্তন এনেছেন দীপিকা। তিনি জানিয়েছেন, দিনে আট ঘণ্টার বেশি শুটিং করবেন না। মূলত মেয়েকে পর্যাপ্ত সময় দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে এই শর্তের কারণেই সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত আসন্ন ছবি ‘স্পিরিট’ এবং ‘কল্কি ২৮৯৮ এডি’-এর সিক্যুয়েলের মতো বড় প্রজেক্ট থেকে বাদ পড়েছেন বলে জানা গেছে।

দীপিকার এই সিদ্ধান্ত নিয়ে যখন সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা চলছে, তখন বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কারিনা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা বলেন,

“শুরু থেকেই নিজের বক্তব্য পরিষ্কার রাখাটা খুব জরুরি। আমি কী চাই আর কী চাই না—সেটা স্পষ্ট করে বলা উচিত। আমার বাড়িতে এখন দুই সন্তান রয়েছে। তাই আমি প্রথম থেকেই নির্মাতাদের বলে দিয়েছি, আমি কীভাবে কাজ করতে পারব।”

তিনি আরও বলেন,

“পরিবারের প্রতি দায়িত্ব সবার আগে। তাই কতক্ষণ কাজ করা সম্ভব আর কতক্ষণ নয়—সেই সীমারেখা নিজেরই টানা উচিত। এতে কোনো লুকোচুরি বা দ্বিধা থাকার প্রয়োজন নেই।”

উল্লেখ্য, মা হওয়ার পর নিজের কাজের চুক্তিতে একাধিক পরিবর্তন এনেছেন দীপিকা। মেয়ে দুয়াকে সময় দিতেই মূলত কাজের সময় নির্দিষ্ট করেছেন তিনি। যদিও এই সিদ্ধান্তের কারণে বড় বাজেটের কয়েকটি ছবি হাতছাড়া হয়েছে তার, তবুও নিজের অবস্থানে অটল রয়েছেন এই অভিনেত্রী।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top