মুক্তি পাচ্ছে বিটিএস'র নতুন অ্যালবাম
চিত্তবিনোদন ডেস্ক | প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ১৪:২২
দীর্ঘ বিরতির পর বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস পূর্ণাঙ্গ দল হিসেবে ফিরছে। প্রায় চার বছর পর তাদের নতুন স্টুডিও অ্যালবাম ‘আরির্যাং’ প্রকাশের অপেক্ষায় রয়েছে। আগামী শুক্রবার (২০ মার্চ) ১৪টি গান নিয়ে অ্যালবামটি মুক্তি পাবে। এটি ২০২২ সালে প্রকাশিত অ্যান্থোলজি অ্যালবাম ‘প্রুফ’-এর পর প্রথম গ্রুপ প্রজেক্ট।
অ্যালবামের নাম নেওয়া হয়েছে জনপ্রিয় কোরিয়ান লোকগান ‘আরির্যাং’ থেকে। গানটি অনেকের কাছে অনানুষ্ঠানিক জাতীয় সঙ্গীত হিসেবে বিবেচিত। ব্যান্ডটির লেবেল বিগহিট মিউজিক জানিয়েছে, অ্যালবামে কোরিয়ান পরিচয়, আবেগ ও ভালোবাসার প্রকাশ রয়েছে।
দলের নেতা আরএম বলেন, কোরিয়ান পরিচয় আমাদের একসঙ্গে রাখে এবং আমাদের শেকড়ের সঙ্গে যুক্ত করে। তবে ঐতিহ্যকে সরাসরি নয়, আধুনিকভাবে উপস্থাপন করা হয়েছে।
অ্যালবামের প্রধান গান ‘সুইম’। এটি একটি উচ্ছ্বসিত ও গতিশীল অল্টারনেটিভ পপ গান, যেখানে জীবনের চ্যালেঞ্জ মোকাবিলার বার্তা রয়েছে। গানটির কথার অংশ লিখেছেন আরএম। তিনি বলেন, গানটি একবার শুনলেই বারবার শোনার ইচ্ছে জাগে।
অ্যালবাম প্রকাশ উপলক্ষে বিশেষ লাইভ পারফরম্যান্সের আয়োজন করা হবে, যা সরাসরি সম্প্রচার করা হবে। এরপর যুক্তরাষ্ট্র সফরে গিয়ে নিউইয়র্কে পারফরম্যান্স এবং একটি জনপ্রিয় শোতেও অংশ নেবে ব্যান্ডটি।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।