‘জুমাতুল বিদা’য় মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল: দেশ ও মুসলিম উম্মাহর জন্য দোয়া
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ১৫:৪৯
পবিত্র রমজানের শেষ শুক্রবার ‘জুমাতুল বিদা’ উপলক্ষে রাজধানীসহ সারাদেশের মসজিদে মুসল্লিদের ঢল নামে। শুক্রবার (২০ মার্চ) জুমার নামাজের সময় রাজধানীতে বৃষ্টি হলেও তা উপেক্ষা করেই ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে মসজিদে উপস্থিত হন।
সিয়াম সাধনার মাস বিদায়ের প্রহরে জুমার নামাজে মহান আল্লাহর কাছে ক্ষমা ও রহমত কামনায় ব্যাকুল হয়ে ওঠেন ইবাদতকারীরা। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনায় মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
জুমার নামাজ শেষে অনেক মুসল্লিকে দীর্ঘ সময় ধরে দোয়া ও নফল ইবাদতে মগ্ন থাকতে দেখা যায়।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে মুসল্লিদের নিয়ে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক।
মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনার পাশাপাশি মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার এবং বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করা হয়।
এছাড়া, আসন্ন ঈদুল ফিতর সবার জীবনে সুখ, শান্তি ও আনন্দ বয়ে আনুক—এ কামনাও করা হয় বিশেষ মোনাজাতে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।