তবে কি তামিলনাড়ুর মসনদে বিজয়?
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২৬, ০৮:৫৯
তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন শেষ হতেই এখন সব নজর বুথফেরত জরিপে, আর সেখানেই সবচেয়ে বড় চমক হয়ে উঠেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা বিজয়। রাজনীতিতে প্রথমবার অংশ নিয়েই সম্ভাব্য বড় সাফল্যের ইঙ্গিত দিচ্ছেন তিনি।
নিজের দল তামিলাগা ভেট্ট্রি কাজাগাম নিয়ে এবারের নির্বাচনে লড়েন বিজয়। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন। তবে নির্বাচনের আগেই বিজয়ের জনসভাগুলোতে বিপুল জনসমাগম রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করে।
বিভিন্ন সংস্থার বুথফেরত জরিপে দেখা যাচ্ছে, প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বিজয়ের দল পেতে পারে প্রায় ৯৮ থেকে ১২০টি আসন। এই পূর্বাভাস সত্যি হলে তামিলনাড়ুর রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
তবে সব জরিপ একরকম নয়। কিছু সংস্থার মতে, ডিএমকে জোট ১২০ থেকে ১৪৫টি আসন পেয়ে এগিয়ে থাকতে পারে। অন্যদিকে এআইএডিএমকে জোট পেতে পারে ৬০ থেকে ৮০টি আসন। আবার কিছু জরিপে বিজয়ের দলকে তুলনামূলক কম আসনও দেওয়া হয়েছে।
এর মধ্যেই কিছু সংস্থা বিজয়কে সম্ভাব্য ‘কিংমেকার’ হিসেবেও দেখছে। তাদের মতে, ৬৭ থেকে ৮১টি আসন পেলেও সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তার দল।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল তামিলনাড়ুর ২৩৪টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং ভোটার উপস্থিতি ছিল ৮২ শতাংশের বেশি যা রাজ্যের রাজনৈতিক আগ্রহেরই প্রমাণ।
এখন দেখার বিষয়, বুথফেরত জরিপের এই পূর্বাভাস বাস্তবে কতটা মিল পায় এবং সত্যিই কি প্রথম নির্বাচনে ইতিহাস গড়তে পারেন বিজয়?
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।