শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে নতুন রেকর্ড,এক দিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিং

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২৬, ০৯:৩৮

সংগৃহীত

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর-এ অপারেশনাল কার্যক্রমে নতুন ইতিহাস তৈরি হয়েছে। বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)-এ এক দিনে সর্বোচ্চসংখ্যক কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড গড়েছে বন্দর কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ২৪ ঘণ্টায় এনসিটি টার্মিনালে মোট ৫ হাজার ৭০৯ টিইইউস (২০ ফুট কনটেইনার ইউনিট) কনটেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়। টার্মিনাল অপারেটর চিটাগাং ড্রাইডক লিমিটেড-এর ব্যবস্থাপনায় এই রেকর্ড অর্জিত হয়, যা টার্মিনালটির ইতিহাসে সর্বোচ্চ।

এর আগে গত ১১ এপ্রিল একই টার্মিনালে ৫ হাজার ৪৮৪ টিইইউস কনটেইনার হ্যান্ডলিংয়ের মাধ্যমে আগের রেকর্ড গড়া হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে বন্দর কার্যক্রম।

শুধু এনসিটি নয়, একই সময়ে চট্টগ্রাম বন্দরের সব টার্মিনাল মিলিয়ে ২৪ ঘণ্টায় মোট ১০ হাজার ১৬২ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে, যা বন্দরের সামগ্রিক সক্ষমতার বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, এই অর্জন দেশের সমুদ্রপথে বাণিজ্য সম্প্রসারণ ও বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী ও স্টেকহোল্ডারদের অভিনন্দন জানান।

এ সময় তিনি প্রতিকূল আবহাওয়া ও প্রখর রোদ উপেক্ষা করে শ্রমিকদের নিরলস পরিশ্রমকেই এই সাফল্যের মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top