শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

আজ সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২৬, ০৯:০০

সংগৃহীত

সিলেট সফরে আজ শনিবার (২ মে) একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, দিনব্যাপী এই সফরে ধর্মীয়, উন্নয়নমূলক ও ক্রীড়া সংশ্লিষ্ট নানা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি।

সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরই প্রধানমন্ত্রী প্রথমে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করবেন। এরপর সিলেট সার্কিট হাউজ সংলগ্ন চাঁদনী ঘাট এলাকায় শহরের জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং সুধী সমাবেশে যোগ দেবেন।

দুপুরে সিলেট সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেলে সিলেট জেলা স্টেডিয়াম-এ আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি, যা শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সফরের শেষ পর্যায়ে সিলেট শিল্পকলা একাডেমিতে একটি সভায় অংশ নেওয়ার পর সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

উল্লেখ্য, প্রায় দুই দশক পর গত ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় সিলেট সফর করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে সরকারপ্রধান হিসেবে এটিই তার প্রথম সিলেট সফর।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top