দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১১:১৮
দুপুরের মধ্যে সিলেট জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে বৃষ্টি ও বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।
রোববার (১৯ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে এই দমকা হাওয়া প্রবাহিত হতে পারে।
এ পরিস্থিতিতে সিলেটের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিনের তাপমাত্রা ১–৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। অন্যদিকে দেশের অন্যান্য এলাকায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। রাতের তাপমাত্রাও ওই তিন বিভাগে সামান্য কমতে পারে।
এছাড়া সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর নাগরিকদের বজ্রপাত ও ঝড়ের সময় নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দিয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।