নারী আসন সংরক্ষণ বিল ব্যর্থ, বিরোধীদের তীব্র সমালোচনায় মোদি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১১:২৩

সংগৃহীত

ভারতের লোকসভায় নারী আসন সংরক্ষণ সংক্রান্ত ‘সংবিধান (১৩১তম সংশোধনী) বিল–২০২৬’ প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ ভোট না পাওয়ায় পাস হতে ব্যর্থ হয়েছে। এ ঘটনায় বিরোধী দলগুলোর বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার (১৮ এপ্রিল) এক ভিডিও ভাষণে মোদি বলেন, সরকারের নারী সমতা নিশ্চিত করার উদ্যোগকে বিরোধীরা “ভ্রূণহত্যা” করেছে।

তিনি দাবি করেন, এই বিলের উদ্দেশ্য ছিল সংসদে ছোট-বড় সব রাজ্যের সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং জনসংখ্যার ভিন্নতার পরও ক্ষমতার ন্যায্য বণ্টন নিশ্চিত করা।

মোদি অভিযোগ করেন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ও তাদের মিত্র দলগুলো এই উদ্যোগকে বাধাগ্রস্ত করেছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং দ্রাবিড় মুনেত্র কড়গম (ডিএমকে)-কেও তিনি বিল পাস না হওয়ার জন্য দায়ী করেন।

কংগ্রেসকে “সংস্কারবিরোধী দল” হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, তারা বারবার সংস্কারের পথে বাধা সৃষ্টি করেছে এবং নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের সুযোগ নষ্ট করেছে।

তিনি আরও বলেন, এই ব্যর্থতা সত্ত্বেও সরকার নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে কাজ চালিয়ে যাবে।

এর আগে লোকসভায় বিলটির ওপর ভোট হয়। মোট ৫২৮ ভোটের মধ্যে পক্ষে পড়ে ২৯৮টি এবং বিপক্ষে পড়ে ২৩০টি ভোট। তবে সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বিলটি পাস হয়নি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top