রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

হাম মোকাবিলায় সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ১৯:০৬

ছবি: সংগৃহীত

হাম প্রতিরোধে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই দেশে এ রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর কড়াইল বস্তির এরশাদ মাঠে হাম ও রুবেলা টিকাদান বিশেষ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে দেশের ১৮টি জেলার উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলা চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় সংক্রমণ নিয়ন্ত্রণে গত ৫ এপ্রিল থেকেই জরুরি ভিত্তিতে বিশেষ টিকাদান কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

তিনি আরও বলেন, ধাপে ধাপে দেশের বড় সিটি করপোরেশনগুলোতেও টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে। আগামী ২০ তারিখ থেকে সারা দেশে এ টিকা কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

অধ্যাপক এম এ মুহিত বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে কোনো সময় নষ্ট না করে দ্রুততার সঙ্গে কাজ করা হচ্ছে। জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে পারলেই উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে।

তিনি বলেন, সরকার মানুষের কল্যাণে দিনরাত কাজ করছে। বিশেষ করে শিশুদের সুরক্ষায় এ ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, হাম দ্রুত ছড়িয়ে পড়ে, তবে সময়মতো টিকা প্রদান করলে এটি সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব। এটি গোষ্ঠীগত রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, যার ফলে একটি নির্দিষ্ট এলাকার অধিকাংশ শিশু টিকা পেলে পুরো এলাকাই সুরক্ষিত থাকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, জাতিসংঘ শিশু তহবিল এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দলের সদস্যসহ অনেকে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top