সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

পেনগান আতঙ্কে পুলিশ সপ্তাহে ধাতব কলম নিষিদ্ধ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১১:৪১

ছবি: সংগৃহীত

আগামী ১০ মে শুরু হতে যাচ্ছে পুলিশের সবচেয়ে বড় বার্ষিক আয়োজন ‘পুলিশ সপ্তাহ’। এবারের আয়োজনে নিরাপত্তা জোরদার করতে নতুন করে ধাতব কলম বহনও নিষিদ্ধ করা হয়েছে।

আয়োজকদের সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশ সপ্তাহের প্রধান অনুষ্ঠানস্থলে ছুরি, চাকু ও আগ্নেয়াস্ত্রের পাশাপাশি ধাতব কলম নিয়েও প্রবেশ করা যাবে না। পুলিশ সদস্য, সাংবাদিক ও অতিথি—সবার ক্ষেত্রেই এই নির্দেশনা প্রযোজ্য হবে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, প্রধানমন্ত্রীসহ উচ্চপর্যায়ের অতিথিদের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে আলোচনার সময় ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’ বিষয়টি গুরুত্ব পায়। এরপরই দাওয়াতপত্রে নিষিদ্ধ সামগ্রীর তালিকায় ধাতব কলম যুক্ত করা হয়।

সূত্রের দাবি, ধাতব কলম দেখতে সাধারণ কলমের মতো হওয়ায় তল্লাশিতে সহজে শনাক্ত করা যায় না। এ কারণে এটি নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশে সম্প্রতি ছদ্মবেশী এ ধরনের অস্ত্র নিয়ে উদ্বেগ বাড়ে। খুলনায় প্রথমবার এ ধরনের একটি ঘটনার তথ্য সামনে আসে। দেখতে সাধারণ কলমের মতো হলেও এর ভেতরে অস্ত্রের যন্ত্রাংশ থাকে বলে জানা যায়। সহজে বহনযোগ্য হওয়ায় এটি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে।

চলতি মাসেও এমন একটি ঘটনায় রাজধানীতে গুলিবর্ষণের পর তদন্তে বিষয়টি আবার আলোচনায় আসে। এরপরই নিরাপত্তা সংস্থাগুলো বিষয়টি নিয়ে আরও সতর্ক হয়।

পুলিশ কর্মকর্তারা বলছেন, এ ধরনের অস্ত্র ছোট আকারের হলেও এটি অত্যন্ত বিপজ্জনক। শনাক্ত করা কঠিন হওয়ায় বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। অনেক ক্ষেত্রেই এগুলোর কোনো পরিচয় চিহ্ন বা সিরিয়াল নম্বরও থাকে না, ফলে উৎস শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে।

নিরাপত্তা সংক্রান্ত একাধিক বৈঠকে বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। চোরাচালানের মাধ্যমে এ ধরনের বস্তু দেশে আসছে এবং বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহৃত হতে পারে এমন আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।

এই প্রেক্ষাপটে আসন্ন পুলিশ সপ্তাহকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ধাতব কলম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটির একজন কর্মকর্তা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top