অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তরের সময় জানালেন প্রেস সচিব
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৫৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, এই প্রক্রিয়া সম্পন্ন হতে সর্বোচ্চ তিন দিন সময় লাগতে পারে এবং আগামী ১৭ বা ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার দায়িত্ব নিতে পারে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেইন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।
শফিকুল আলম বলেন, নির্বাচনের পরপরই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর দ্রুততার সঙ্গে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হবে। তিনি বলেন, “সর্বোচ্চ দ্রুততা বিবেচনায় নিলে তিন দিনের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ করা সম্ভব।”
তিনি আরও জানান, নির্বাচন শেষে যেন কোনো অযথা বিলম্ব না হয়, সে লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে।
এদিকে সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে ছড়ানো গুঞ্জন প্রসঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ। তিনি বলেন, সরকার ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকবে—এ ধরনের দাবি সম্পূর্ণ অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি স্পষ্ট করে বলেন, “সরকার শুরু থেকেই জানিয়েছে, নির্বাচন শেষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তর করেই অন্তর্বর্তীকালীন সরকার সরে যাবে।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।