ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ২১:৩২
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। তিনি আশা প্রকাশ করে বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে এই সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রোববার (২৬ এপ্রিল) তার কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক ইভার্স আইজাবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং রাষ্ট্র পরিচালনায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও দেশের যেকোনো সংকট মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ অন্যান্য রাজনৈতিক শক্তি একত্রে কাজ করার চেষ্টা করে। এটিই সংসদীয় গণতন্ত্রের ইতিবাচক দিক।
সাক্ষাৎকালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ পরবর্তী সময়ে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা এবং মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সংসদে নারী প্রতিনিধিত্ব এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের বিষয়েও মতবিনিময় করা হয়।
স্পিকার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ্গে মৈত্রী গ্রুপ গঠন এবং সংসদীয় প্রতিনিধিদলের পারস্পরিক সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত, প্রতিনিধিদলের সদস্যরা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।